গুম হওয়া ব্যক্তির পরিবারকে হয়রানির অভিযোগ আসকের

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০২:৩৬ এএম

বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নানাভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেছে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিস কেন্দ্র (আসক)। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করে সংস্থাটি।

আসকের নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন সূত্র থেকে আসক জানতে পেরেছে যে বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত কিছুদিন ধরে নানাভাবে যোগাযোগ করছেন এবং নানা ধরনের প্রশ্ন বা তথ্য জানতে চাওয়ার মাধ্যমে তাদের হয়রানি করছেন। পরিবারগুলোর কাছ থেকে জোর করে লিখিত কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালানো হচ্ছেযেখানে লিখিত রয়েছে যে, ওই ব্যক্তি গুমের শিকার হননি, তিনি আত্মগোপনে রয়েছেন।’

বিবৃতিতে বলা হয়, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আচরণ সম্পূর্ণভাবে বেআইনি। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এসব ব্যক্তিকে খুঁজে বের করা ও জড়িতদের চিহ্নিত করার প্রচেষ্টা জোরদার করার পরিবর্তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা অগ্রহণযোগ্য। গুমের শিকার এসব পরিবার দীর্ঘ সময় ধরে স্বজনদের ফেরার প্রতীক্ষায় রয়েছেন। প্রতিটি মুহূর্ত তারা নানা নিরাপত্তাহীনতা আর ভীতির মধ্যে রয়েছেন। এভাবে তাদের হয়রানি করার ফলে তারা আরও বেশি বিপর্যস্ত হয়ে পড়ছে। এ ধরনের তৎপরতা প্রকৃতপক্ষে গুমের শিকার ব্যক্তিদের খোঁজার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে অবহেলার বিষয়টি স্পষ্ট করে তুলছে।’

টিএসসিতে কাওয়ালির অনুষ্ঠানে হামলার নিন্দা : গত বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে কাওয়ালি গানের অনুষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে আসক। গতকাল সংগঠনের পৃথক বিবৃতিতে বলা হয়, কাওয়ালি এ উপমহাদেশের অন্যতম জনপ্রিয় একটি সংগীত, যার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। টিএসসির মতো একটি জায়গায় এ ধরনের আয়োজনে হামলা চালানোর ঘটনা অনভিপ্রেত, অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আসক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত