বিশ্বে এক দিনে ৪৫ লাখ শনাক্ত!

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০১:৩৩ এএম

করোনাভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণে কোনো মতেই লাগাম পরানো যাচ্ছে না। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে বিশ্বে। সবশেষ ২৪ ঘণ্টায়ও অকল্পনীয় রকমের বেশি রোগী শনাক্ত হয়েছে বিশ্বে। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য বলছে, গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ৪৪ লাখ ৮০ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে বিশ্বে। একই সঙ্গে দীর্ঘদিন বাদে আলোচ্য সময়ে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য জানিয়েছে জনস হপকিনস ইউনিভার্সিটি। যদিও আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় বিশ্বে শনাক্ত হয়েছে ৩২ লাখের বেশি আর মৃত্যু হয়েছে সাড়ে ৭ হাজার জনের। 

গতকাল শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্যমতে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছে ৫৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ। একই সঙ্গে শনাক্ত হয়েছে ৩২ কোটির ওপর। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯ হাজার ৮৬৪ জন এবং শনাক্ত হয়েছে ৪৪ লাখ ৮০ হাজার ৬১৬ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে ৬ হাজার ৫০৫ জন এবং শনাক্ত হয়েছিল ২২ লাখ ৪ হাজার ৩৪ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছে ৬ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৫৬৮ জন এবং মারা গেছে ৮ লাখ ৪৬ হাজার ৩৭১ জন। দেশটিতে আগের দিন শনাক্ত হয়েছে সাড়ে ৮ লাখের বেশি করোনা রোগী।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছে ৩ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৯২৭ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জন। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে আড়াই লাখের বেশি করোনা রোগী। 

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছে ২ কোটি ২৮ লাখ ২২ হাজার ১৭৭ জন এবং মারা গেছে ৬ লাখ ২০ হাজার ৮৩০ জন।

এদিকে ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হিসাবে আগের সব রেকর্ড ছাড়িয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩২ লাখ ২০ হাজার জন। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৭ হাজার ৭৮৪ জন। এ নিয়ে সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৬ লাখ ৭৬ হাজার ৪১২ জনে। তাদের মধ্যে মারা গেছে ৫৫ লাখ ৩৮ হাজার ৫০২ জন।

এর আগের ২৪ ঘণ্টায় ৩১ লাখ ৪৫ হাজার ৯১৬ জন করোনা রোগী শনাক্ত এবং ৮ হাজার ৩২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটারস। সেই হিসাবে এক দিনের ব্যবধানে শনাক্ত বাড়লেও মৃত্যু কিছুটা কমেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত