সারা দেশের তাপমাত্রা আবারও কমতে শুরু করেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীত বাড়তে শুরু করেছে। আর দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ছয় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। অন্যদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বেশিরভাগ এলাকায় কুয়াশাও বাড়ছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে কয়েক দিন বিরতির পর দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃষ্টির পর গতকাল শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১০ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ ছিল। ওই সময় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করেছে।
এর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তাতে বলা হয়, ১১ থেকে ১৪ জানুয়ারি দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা আবার কমতে থাকবে। বৃষ্টির পর তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কাও রয়েছে।
আবহাওয়াবিদরা জানান, দেশের কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে আগামীকাল (রবিবার) দেশের সর্বত্র সূর্যের দেখা মিলতে পারে।
গতকাল আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, দেশের চার বিভাগের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারা দিন আবহাওয়া শুষ্ক থাকবে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও এবং এর কাছাকাছি এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রাও অপরিবর্তিত থাকবে।
