নাটোরে খালার বাড়ি যাওয়ার পথে এক স্কুলছাত্রী দলবেঁধে ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নলডাঙ্গা উপজেলার ছাতনী দিয়ার এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দুপুরে ৮ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, শহিদুল ইসলাম (২২) শরিফুল ইসলাম (২২), কাজল হোসেন (২৫), আসাদুল ইসলাম (৩৮) এবং আমিনুল ইসলাম (২৭)। বাকি তিনজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাটোর থানার ওসি মনসুর আহমদ জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকা থেকে ওই স্কুলছাত্রী পরিবারের ওপর অভিমান করে ছাতনী ভাটপাড়া খালার বাড়ির উদ্দেশে বের হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে ছাতনী দিয়ার এলাকায় পৌঁছলে মাঝদিঘা গ্রামের শহিদুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। শহিদুল ইসলাম ওই ছাত্রীকে তার খালার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক বিলে লেবুবাগানে নিয়ে আটজন মিলে ধর্ষণ করে। একপর্যায়ে ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে ওই রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শুক্রবার দুপুরে নাটোর থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
