ডব্লিউএইচও

করোনার নতুন চিকিৎসা পদ্ধতির অনুমোদন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০১:৪৯ এএম

করোনার নতুন চিকিৎসা পদ্ধতির অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, প্রাণঘাতী করোনায় সংক্রমিত গুরুতর রোগীদের ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড ওষুধের সঙ্গে আর্থ্রাইটিসের ব্যারিসিটিনিব মেডিসিন প্রয়োগ করা যাবে। ফলে রোগীদের ভেন্টিলেশনে যাওয়ার ঝুঁকি অনেকটা কমে আসবে।

প্রথম পদ্ধতিতে গুরুতর কভিড রোগীদের চিকিৎসার জন্য কর্টিকোস্টেরয়েডের সঙ্গে আর্থ্রাইটিসের ওষুধ ব্যারিসিটিনিব ব্যবহারের কথা বলা হয়েছে। ডব্লিউএইচওর বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, এ ক্ষেত্রে রোগীর ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা কমার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়টি, সট্রোভিম্যাব নামে মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহারের মাধ্যমে চিকিৎসা। ডায়াবেটিস বা ইমিউনোডেফিসিয়েন্সির মতো রোগীর করোনার ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর হতে পারে বলছেন ডব্লিউএইচওর বিশেষজ্ঞরা। গতকাল শুক্রবার ব্রিটিশ মেডিকেল জার্নালে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে।

নির্দেশিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যেসব করোনা রোগীর হাসপাতালে ভর্তি করার আশঙ্কা বেশি তাদের ক্ষেত্রে সট্রোভিম্যাব ব্যবহার করা যেতে পারে। আর যাদের হাসপাতালে ভর্তির আশঙ্কা নেই তাদের ক্ষেত্রে এটার দরকার নেই বলে উল্লেখ করা হয়েছে। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে এই চিকিৎসা পদ্ধতি কতটা কার্যকর তা এখনো জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত