সময়ের দাবিতেই এবার দল পাল্টিয়েছি: ইমন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০৭:৫৪ পিএম

চিত্রনায়ক মামনুন হাসান ইমন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন। নির্বাচন ঘিরে কথা হলো ইমনের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

নির্বাচন কেমন চলছে...

নির্বাচন ভালো চলছে। তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হলাম। সবার দোয়া ও শুভ কামনা প্রার্থনা করছি। আগের দুইবার নির্বাচন করেছি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে। দুইবারই জিতেছি ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এবার ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের পদ বেছে নিয়েছি। আর আমরা তো সব সময় শুটিংয়ের মধ্যে থাকি, তো এই নির্বাচনটা আমরা বেশ এনজয় করছি। এটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার।

জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী?

একটু আগে বলেছি, এর আগেও দুইবার নির্বাচন করেছি, আমাদের শিল্পীরা প্রতিবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবারও আশা করছি ভোটাররা আমাকে নির্বাচিত করবেন। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এর আগে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচন করেছিলেন। এবার দল বদলালেন কেন?

এটা সময়ের দাবি। সময়ের দাবিতেই এবার দল পাল্টিয়েছি।

আগের প্যানেল মানে মিশা-জায়েদ প্যানেলের কী কী সমস্যা আপনার নজরে পড়েছে?

সমস্যা বা সংকটের কারণে আমি দল বদলাইনি, মূলত সময়ের দাবিতেই আমি এখানে এসেছি। আমি আমার নিজ ইচ্ছেতেই এবার ইলিয়াস-কাঞ্চন নিপুণ প্যানেলকে বেছে নিয়েছি। আমার মনে হয়েছে এবার যেহেতু ইলিয়াস কাঞ্চন ভাই নির্বাচন করছেন, নিপুণ আপা আছেন, ওনাদের প্যানেলে থেকে নির্বাচন করাটা সত্যিই সৌভাগ্যের। আর আমাদের প্যানেল থেকে যারা নির্বাচন করছেন তাদের সবাইকে ভালোভাবে চিনি-জানি। সবার সঙ্গেই একটা ভালো বোঝাপড়া আছে। সবকিছু মিলিয়েই এবার নতুন দলে এসেছি।

আপনার এজেন্ডাগুলো কী কী?

আমাদের এজেন্ডাগুলো তো এখনো ওইভাবে ঠিক হয়নি। আর আমার কাছে যদি জানতে চান তো বলব, সবাই মিলে সবার সঙ্গে কাজ করতে চাই। আমার পদ যেহেতু ক্রীড়া ও সংস্কৃতি। ফলে খেলাধুলা ও কালচারাল জায়গাটাতে ডেভেলপ করতে চাই। গত চার বছরে শিল্পী সমিতির এই জায়গাটাতে খুব কম কাজ হয়েছে, বলতে গেলে কিছুই হয়নি। আমি চেষ্টা করব মানুষজন যেন একটু এনজয় করতে পারে। কাজের পাশাপাশি মানুষজনকে খেলাধুলায় যাতে সম্পৃক্ত করা যায়, সাংস্কৃতিক জায়গাটায় যাতে আরও কাজ করা যায়- সেই চেষ্টাটাই করব। আর পুরো প্যানেলের যে এজেন্ডা আছে সেটা বাস্তবায়নে সহায়তা করার পাশাপাশি আমি আমার মতো করে ভবিষ্যতে অনেক পরিকল্পনা করব। পরিকল্পনা করে করেই আগাব।

আপনার কাজের কি খবর? শুটিংয়ের ব্যস্ততা নিয়ে জানতে চাই...

‘কাগজের বউ’-এর কাজ শেষ করলাম। আর ‘কাগজ দ্য পেপারে’র শুটিং করব। এখন নির্বাচনের আগে বেসিক্যালি অন্য কোনো কাজ করতে চাই না। নির্বাচন শেষে আবার কাজে নামব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত