হোবার্ট টেস্টের দ্বিতীয় দিন শেষ ঘণ্টায় দ্রুত টপ অর্ডারের তিন ব্যাটারকে হারাল অস্ট্রেলিয়া। তবে তার আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ছিল ধস। দিন শেষে তাই দিবারাত্রির ম্যাচটিতে এগিয়ে স্বাগতিকেরা।
শনিবার ১৭ উইকেট পড়ার দিনে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত দলটির লিড ১৫২ রানের।
এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩০৩ রানের বিপরীতে ইংল্যান্ড গুটিয়ে যায় ১৮৮ রানে। ৩৬ রান করা ক্রিস ওকস দলটির সর্বোচ্চ স্কোরার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন জো রুট।
দুর্দান্ত বোলিংয়ে অজিদের পক্ষে সবচেয়ে সফল প্যাট কামিন্স। ৪৫ রান খরচায় নেন ৪ উইকেট।
প্রথম ইনিংসে ১১৫ রানের লিড পেলেও অজিদের হাসি দ্রুত নিভে যায় দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারদের ব্যর্থতায়। দলীয় ৫ রানের মধ্যেই ফিরে যান ডেভিড ওয়ার্নার (০) ও মার্নাস লাবুশেন (৫)। ওসমান খাজাও (১১) ব্যর্থ হলে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা।
স্টিভেন স্মিথ ১৭ ও ‘নাইট ওয়াচ ম্যান’ স্কট বোল্যান্ড ৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
কাগজে-কলমে দ্বিতীয় দিন শেষে এগিয়ে অস্ট্রেলিয়াই। তবে তৃতীয় দিনে অসাধারণ কিছু করতে পারলে এই ম্যাচ জয়ের ভালো সুযোগ রয়েছে ইংল্যান্ডেরও।
যদিও প্রথম তিন টেস্ট জিতে অ্যাশেজ এরই মধ্যে নিজেদের করেছে অস্ট্রেলিয়া। চতুর্থ ম্যাচটি ড্র হয়। হোবার্ট টেস্টই ইংল্যান্ডের জন্য সান্ত্বনার জয় পাওয়ার শেষ সুযোগ।
