এবার টেস্ট নেতৃত্বও ছাড়লেন কোহলি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২:০৮ এএম

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পরই টেস্ট অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিলেন বিরাট কোহলি। গত বছর টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছেড়েছিলেন। এরপর ওয়ানডে দলের অধিনায়কত্ব করতে চাইলেও বিসিসিআই তাকে সরিয়ে দিয়েছিল।

টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে গতকাল ইনস্টাগ্রাম পোস্টে বিরাট কোহলি  লিখেছেন, ‘দলকে সঠিক দিকে নিয়ে যেতে সাত বছরের প্রতিটা দিন পরিশ্রম করেছি। নিরবচ্ছিন্ন অধ্যবসায় বজায় রেখে চলেছি। চূড়ান্ত সততার সঙ্গে আমি সেই কাজটা করেছি। সেখানে কিছু ফাঁক রাখিনি। সবকিছুকেই কোনো না কোনো সময় থামতে হয়। টেস্ট দলের অধিনায়ক হিসেবে আমার কাছেও এটাই থেমে যাওয়ার সময়।’ বিরাট কোহলি আরও লিখেছেন, ‘এই যাত্রাপথে অনেক উত্থান এবং কিছু পতন হয়েছে। কিন্তু কখনই চেষ্টা বা বিশ্বাসের খামতি থাকেনি। যা-ই করি না কেন, বরাবর নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যদি সেটা না পারি, তাহলে আমি জানি এটা সঠিক কাজ নয়। আমার হৃদয় স্বচ্ছ। দলের প্রতি অসৎ হতে পারব না।’ এখানেই থামেননি তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘এত দীর্ঘ সময় ধরে আমাকে দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ প্রদানের জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানাই। আরও বেশি করে ধন্যবাদ জানাচ্ছি আমার সতীর্থদের, যারা প্রথম দিন থেকে দলকে নিয়ে আমার যে লক্ষ্য ছিল, তার সঙ্গী হয়েছে। কোনো পরিস্থিতিতে তারা হাল ছাড়েনি। তোমরা এই যাত্রাকে এতটা সুন্দর এবং স্মরণীয় করে তুলেছ।’ টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে নিজের সাফল্যের পেছনে রবি শাস্ত্রী এবং সাপোর্ট স্টাফদের ‘ইঞ্জিন’ হিসেবে উল্লেখ করেছেন বিরাট কোহলি। তিনি লিখেছেন, ‘রবি ভাই (রবি শাস্ত্রী) এবং সাপোর্ট স্টাফরা এই গাড়ির ইঞ্জিন হয়ে কাজ করেছেন। যারা সব সময় টেস্ট ক্রিকেটে আমাদের উপরের দিকে নিয়ে গেছেন। সেই লক্ষ্যকে বাস্তবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’ ধন্যবাদ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকেও। ২০১৪ সালে ধোনির হাত থেকেই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্বের ব্যাটন তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। তিনি লিখেছেন, ‘শেষে মহেন্দ্র সিং ধোনিকে বড়সড় ধন্যবাদ জানাতে চাই। যিনি অধিনায়ক হিসেবে আমার ওপর ভরসা রেখেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে আমি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারব।’

ভারতকে ৬৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন কোহলি। এর মধ্যে ৪০টি ম্যাচে জিতেছেন এবং ১৭টি হেরেছেন। ড্র হয়েছে ১১টি ম্যাচ। পরিসংখ্যান অনুসারে ভারতের সফলতম টেস্ট অধিনায়ক তিনি। কোহলির নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছে ভারত। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েছিল তারা। অধিনায়ক থাকাকালীন কোহলি ৫৮৬৪ রান করেছেন। গড় ৫৪.৮০।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত