পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক জুয়েল। আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী ছিলেন তিনি। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা গতকাল শনিবার তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গতকাল বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, জিয়াউল হক জুয়েল একক বৈধ প্রার্থী হওয়ায় পটুয়াখালী জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান গতকাল তাকে বাউফল পৌরসভার মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র না কেনায় একক প্রার্থী হিসেবে জিয়াউল হক জুয়েলের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ হওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর বাউফল পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৪ জানুয়ারি।
