পরিবেশমন্ত্রী বললেন

দেশে ৬৮ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগান করা হয়েছে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০১:৫৭ এএম

বর্তমান সরকার পরিবেশের উন্নয়নে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে ২০০৯-১০ থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত বন বিভাগের মাধ্যমে ১ লাখ ৬৩ হাজার ৩৭৮ হেক্টর ব্লক বাগান, ২৬ হাজার ৪৫৩ সিডলিং কিমি স্ট্রিপ বাগান সৃজন এবং ১ হাজার ৫৯ লাখ চারা বিতরণ ও রোপণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

গতকাল শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে দেশবরেণ্য প্রকৃতিবিদ তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার-২০২১ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, উপকূলীয় সবুজ বেষ্টনী সৃজন এবং সমুদ্র ও নদী মোহনা এলাকায় জেগে ওঠা নতুন চর স্থায়ীকরণের লক্ষ্যে বনায়ন কার্যক্রমের আওতায় ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে। এ ছাড়া চলতি ২০২১-২২ অর্থবছরে ৭ হাজার ৫০০ হেক্টর ব্লক ও ১ হাজার কিমি স্ট্রিপ বাগান এবং ১২ হাজার ২৬৫ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজনের লক্ষ্যে বনায়ন কার্যক্রম চলমান রয়েছে। বনায়ন কার্যক্রম ও বৃক্ষরোপণের ফলে দেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশে উন্নীত হয়েছে।

নটর ডেম কলেজের সাবেক অধ্যাপক, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক, বিশিষ্ট প্রকৃতিবিদ দ্বিজেন শর্মাকে দেশের কৃতী সন্তান উল্লেখ করে তিনি বলেন, ‘প্রকৃতি ও পরিবেশের উন্নয়নের জন্য তার মতো প্রকৃতিপ্রেমী নাগরিক এখন অনেক বেশি প্রয়োজন।’

প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি দেশের সব স্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘জীববৈচিত্র্য এবং প্রকৃতি সংরক্ষণের মাধ্যমেই নিশ্চিত করতে হবে বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ। সবার সমবেত প্রচেষ্টার মাধ্যমে আমরা এ দেশের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন ঘটাতে সক্ষম হলে দ্বিজেন শর্মার মতো দেশপ্রেমিক প্রকৃতিবিদদের স্বপ্ন সফল হবে।’

তরুপল্লবের সভাপতি এবং বিপিএটিসির বঙ্গবন্ধু চেয়ার কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ^বিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. আইনুন নিশাত, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান, তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মন্ত্রী ‘দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার ২০২১’ প্রাপ্তদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ বিতরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত