মিশরকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন সালাহ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯:২০ এএম

মোহামেদ সালাহর একমাত্র গোলে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে মিশর। আফ্রিকা কাপ অব নেশনসের ‘ডি’ গ্রুপে গিনি-বিসাউকে ১-০ গোলে হারিয়েছে ফারাওরা।

ক্যামেরুনের গারুয়ায় ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পায় মিশর। কিন্তু রেকর্ড সাতবারের আফ্রিকা চ্যাম্পিয়নদের হতাশ করে গোলপোস্ট।

ম্যাচ শেষ হওয়ার ২১ মিনিট আগে ডি-বক্সের বাইরে থেকে এল সোলেয়ার ভাসিয়ে দেওয়া বলে ভলিতে জাল খুঁজে নেন সালাহ।

মিশরকে বাঁচিয়েছে ভাগ্যও। শেষ মুহূর্তে জালের দেখা পান গিনি-বিসাউয়ের মামা বালদে। কিন্তু ভিডিও সহকারী রেফারির রিভিউ নিয়ে গোলটি বাতিল করেন রেফারি।  

এই জয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল ফারাওরা। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে মিশর। ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে গ্রুপের আরেক দল নাইজেরিয়া।

সুপার ঈগলরা ২-১ ব্যবধানে হারিয়েছে সুদানকে। নাইজেরিয়া নিজেদের প্রথম ম্যাচে জয় পায় মিশরের বিপক্ষে। গ্রুপে এক পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে গিনি-বিসাউ ও সুদান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত