খালেদ মাহমুদ সুজন ও সাকিব আল হাসানের মধ্যকার সম্পর্ক তেমন ভালো নয়। গত বছর জুনে মাঠেই বাগ-বিতণ্ডায় জড়াতে দেখা গেছে এই দুজনকে। এমনিতে নানা সিদ্ধান্তে সুজন-সাকিব যেন মুদ্রার দুই পিঠ।
তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার একই সুতোয় বাধা পড়ছেন এই দুজন। বরিশাল শিবিরে একই সঙ্গে দেখা যাবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর সুজন ও অলরাউন্ডার সাকিবকে।
ফরচুন বরিশালের কোচের দায়িত্ব পালন করবেন সুজন। যেখানে তিনি শিষ্য হিসেবে পাবেন সাকিবকে। আগেকার দ্বন্দ্ব ভুলে এবার সুজন জানালেন, সাকিবের সঙ্গে তার রসায়ন ভালো।
তিনি বলেন, ‘ফরচুন বরিশালের হয়ে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। যে দলে সাকিব আছে, সে দলে কাজ করা তো সব সময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। তো আমার আর সাকিবের রসায়ন সব সময়ই ভালো।’
সাকিবের ব্যাপারে কথা বলার পাশাপাশি ফরচুন বরিশাল নিয়ে সুজন বলেন, ‘অনেক চিন্তাভাবনা করেই দল করেছি। তারপরও বলব যে, প্রত্যেকটা দলই শক্তিশালী। আমরাও যথেষ্ট শক্তিশালী দল। মাঠের পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ যে আমরা মাঠে কতটা ভালো খেলছি, মোমেন্টাম কতটা ভালো থাকে। যদি ওরকম থাকে, তাহলে প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট ভালো দল আমরা।’
বিপিএলে এবার বরিশাল দলটি তারকায় ঠাসা। নিজের দলকে সবচেয়ে ভারসাম্যপূর্ণও মনে করছেন সুজন, ‘আশা করি সব ঠিক থাকলে আমাদের সামর্থ্য আছে... আমাদের দলটা যদি দেখেন খুবই ভারসাম্যপূর্ণ একটা দল, টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ঠিক যেমন হওয়া উচিত। বাকিটা তো বোঝা যাবে মাঠে।’
