টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছিলেন আগেই। এরপর ছাড়েন ওয়ানডের নেতৃত্ব। এবার স্বেচ্ছায় ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে সদ্য তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানের হারের পরপরই সাদা পোশাকের ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি।
কোহলি অধিনায়কত্ব ছাড়ার ৫ ঘণ্টা পর টুইট করেন সৌরভ গাঙ্গুলি। মাঝরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৩ বছর বয়সী ব্যাটারকে অভিবাদন জানান বিসিসিআই সভাপতি।
কোহলি-গাঙ্গুলি বিতর্ক চলছে বেশ কয়েক মাস ধরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সীমিত ওভারের এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন কোহলি। বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেট থেকেও কোহলির অধিনায়কত্ব কেড়ে নেয় বোর্ড।
এরপরই দ. আফ্রিকা সফরের আগে সেই বিস্ফোরণ। যা নিয়ে তোলপাড় চলে গোটা ভারতীয় ক্রিকেটে। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে কোহলি সরে দাঁড়ানোর প্রসঙ্গে গাঙ্গুলি জানান, কোহলিকে নেতৃত্ব ছাড়তে তারা বারণ করেছিলেন। কিন্তু প্রোটিয়া সফরের আগে কোহলি জানান, তার সিদ্ধান্ত সহজেই মেনে নেয় বোর্ড। এমনকি দ. আফ্রিকা সফরের আগে দল বাছাইয়ের দেড় ঘণ্টা আগে নির্বাচকেরা তাকে জানিয়ে দেন, একদিনের ক্রিকেটে আর অধিনায়ক থাকছেন না কোহলি।
বিরাট-বোর্ড বিতর্কের সূত্রপাত তখন থেকেই। দ. আফ্রিকা সফরে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই টুইটে নেতৃত্ব ছাড়ার কথা জানান কোহলি। এরপরই কোহলিকে ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করে বিসিসিআই।
আর মাঝরাতে টুইট করে গাঙ্গুলি লেখেন, ‘বিরাটের নেতৃত্বে সব ফরম্যাটেই ভারত দারুণ পারফর্ম করেছে। ওর এই সিদ্ধান্ত ব্যক্তিগত এবং সেটাকে বোর্ড সম্মান জানাচ্ছে। ভবিষ্যতে দলকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য ও আমাদের এক গুরুত্বপূর্ণ সদস্য। একজন দুর্দান্ত খেলোয়াড়।’
