বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনটি আলাদা দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তামিম ইকবালেরও। তবে এবারের আসরে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকেই আর্মব্যান্ড দিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। গতকাল জার্সি উন্মোচন অনুষ্ঠানের এক সংবাদ সম্মেলনে ঢাকার অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
কারণ হিসেবে মিনিস্টার গ্রুপের মালিক এমএ রাজ্জাক খান রাজ বলেছেন, ‘আমরা মনে করি, মাহমুদউল্লাহ ভাই টি-টোয়েন্টির জন্য সেরা। তামিম ভাইও অভিজ্ঞ, মাশরাফী ভাইও অভিজ্ঞ, (তবে) সবার সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নিয়েছি। তামিম ভাই, মাশরাফী ভাইও একমত হয়েছেন।’ ড্রাফটের আগের দিন ঢাকা দলের মালিকানা বদলে ফেলেছিল বিসিবি। এরপর সেটি নিজেদের কাছে রেখেছিল তারা। পরে মিনিস্টার গ্রুপকে দেওয়া হয় মালিকানা।
এমন একটা দলের নেতৃত্ব বাড়তি কোনো চাপ কি না, এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আর কোনো চাপ নেই। যেমন দল পেয়েছি, আমাদের সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছেঅভিজ্ঞ ও ম্যাচজয়ী ক্রিকেটার আছে। দল হিসেবে ভালো খেলতে হবে, ব্যক্তিগত পর্যায়েও ভালো খেলতে হবে।’
সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ায় অক্টোবরে হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের প্রসঙ্গও উঠে এসেছে। সর্বশেষ বিশ্বকাপে সুপার টুয়েলভে সব কটি ম্যাচই হারা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এবারের বিপিএল কাজে দেবে বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘কিছু না কিছু তো অবশ্যই পরিকল্পনা থাকবে (জাতীয় দলকে ঘিরে)। তবে বর্তমানে থাকতে হবে। বিপিএল প্রায় দুই বছর পর খেলছি, গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বাদ দিলে। আমার মনে হয় টুর্নামেন্টের অন্যতম বড় দিক হচ্ছে, আমরা আবার আমাদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছি। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে আশা করি সেটা কাজে দেবে অনেকের জন্যই।’
ঢাকার এ দলে মাহমুদউল্লাহরই অধিনায়কত্ব করা উচিত জানিয়ে তামিম ইকবাল বলেছেন, দল হিসেবেও চ্যাম্পিয়ন হওয়ার মতো ঢাকা, ‘যখনই কেউ দল গঠন করে, জেতার জন্যই করে। আমাদেরও সেটিই ইচ্ছা। আশা করি, আমাদের লক্ষ্য পূর্ণ করতে পারব। প্রক্রিয়া যদি অনুসরণ করতে পারি, দেশি-বিদেশি যারা আছে, তাদের নিয়ে শীর্ষে না যাওয়ার কারণ নেই।’ মাশরাফী ও মাহমুদউল্লাহর সঙ্গে খেলা প্রসঙ্গে তার মন্তব্য ‘১৪ বছর ধরে একসঙ্গে আছি। মাশরাফী ভাইয়ের সঙ্গে আগের মতো সময় কাটানো হয় না এখন। (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাইয়ের সঙ্গেও কথা বলতে পছন্দ করি। আশা করি ভালো করব।’
শুক্রবার আসরের প্রথম দিনই মুশফিকুর রহিমদের খুলনা টাইগার্সের মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ ঢাকা।
