বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংসদ হারুন অর রশিদ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিতর্ক তুলনামূলক কম হয়েছে। তবে সেখানে মাত্র ৫০ শতাংশ ভোট পড়েছে। নতুন বছরের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে গতকাল সোমবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।
এর আগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুন অর রশিদ বলেন, ‘আমার এলাকায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি। গত ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোট হয়। ৫ নভেম্বর ইউপি নির্বাচনগুলো হয়েছে। গত অধিবেশনে স্পিকারের মাধ্যমে আবেদন করেছিলাম অন্ততপক্ষে জনগণ যাতে ভোটটা দিতে পারেন। প্রধানমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলাম। কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি।’
তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় ভোটের দিন ৫০ সাংবাদিকের সামনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে কথা বলেছি। সেই দিন কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। ইভিএমে ভোট হয়েছে। সেখানে ব্যাজ লাগানো অনেককেই দেখা গেছে, কেউ বলে ইভিএম মনিটর, কেউ টেকনিশিয়ান।’
