ফিফা দ্য বেস্ট নির্বাচনে জাতীয় দলের অধিনায়ক হিসেবে ভোট দিয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, রবার্ট লেভানডোস্কি তিনজনই। মেসি প্রথম স্থানের ভোটটি দেন বন্ধু নেইমারকে। রোনালদো প্রথম স্থানে রাখেন লেভানডোস্কিকে। লেভানডোস্কি ও সালাহর চোখে সেরা জর্জিনহো।
কিছুদিন আগে সপ্তম ব্যালন ডি’অর জেতার মঞ্চে মেসি বলেছিলেন, ‘লেভানডোস্কিকে ২০২০ ব্যালন ডি’অর দেওয়া উচিত।’ কিন্তু লেভাকে ২০২১-এর পারফরম্যান্সের জন্য ভোট দেননি মেসি। তার সেরা তিনের দ্বিতীয় স্থানে পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপে। তিনে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।
রোনালদোর কাছে দ্বিতীয় সেরা চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা মিডফিল্ডার এনগোলো কন্তে। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ইতালির হয়ে ইউরো জেতা জর্জিনহো তৃতীয় সেরা রোনালদোর চোখে। লেভাও নিজের সেরা হিসেবে বেছে নেন জর্জিনহোকে। দুইয়ে মেসি এবং তিনে রোনালদোকে রেখেছেন। লেভানডোস্কি ব্যাখ্যা দিয়েছেন তার ভোটের। লেভা বলেন, ‘আমি সব সময়ই অ্যাটাকিং খেলোয়াড়দের বেছে নেই। কিন্তু জর্জিনহোর অর্জন অনেক। আপনাকে নিরপেক্ষ হতে হবে। জর্জিনহো গুরুত্বপূর্ণ গোল করেছে। আর মেসি ও রোনালদোকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই, তারা সব সময়ই উঁচুমানের।’
ফিফা দ্য বেস্টে তৃতীয় হওয়া সালাহও সেরা বলছেন জর্জিনহোকে। দুইয়ে মেসিকে রাখলেও সালাহ তিনে রেখেছেন লেভানডোস্কিকে।
