বছরের শুরুতে বলিউডে হাজার কোটি টাকার ক্ষতি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২:৫৬ পিএম

দুই বছরের মন্দার পর ধারণার করা হয়েছিল, ২০২২ সালে ঘুরে দাঁড়াবে বলিউড। কিন্তু বছরের শুরুতেই প্রায় দেড় হাজার কোটি টাকা ক্ষতির ধাক্কা সামলাতে হলো।

করোনার আগে প্রতি বছর চার হাজার কোটি টাকারও বেশি ব্যবসা হতো বক্স অফিসে। সেই সোনালি দিন ফিরে আসবে কি না, তা নিয়ে সন্দিহান বিশ্লেষকেরা। করোনার একের পর এক তরঙ্গ নষ্ট করে দিচ্ছে ব্যবসার স্থিরতা।

গত বছর দীপাবলি থেকে পরপর ছবি রিলিজের পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। কিন্তু দুই মাসের মধ্যেই সেই পরিকল্পনা ধাক্কা খেল। গত নভেম্বরে ‘সূর্যবংশী’, ডিসেম্বরে দক্ষিণী ছবি ‘পুষ্পা’ যেটুকু হাসি ফুটিয়েছিল ফিল্ম ব্যবসায়ীদের মুখে, তৃতীয় ঢেউয়ে তা মিলিয়ে গেল। ফের বাতিল হলো বড় বড় রিলিজ, পিছিয়ে গেল একাধিক ছবির শুটিং।

৩১ ডিসেম্বর ‘জার্সি’ এবং জানুয়ারির শুরুতে ‘ট্রিপল আর’-এর মুক্তি বাতিল হওয়া দিয়ে ২০২২ সালের ক্ষতির খতিয়ান শুরু হয়েছে। দুটি ছবির প্রচারে বড় অঙ্কের টাকা ইতিমধ্যেই খরচ হয়ে গেছে। নতুন করে রিলিজের পরিকল্পনার সময়ে ফের খরচের বোঝা টানতে হবে নির্মাতাদের।

পরিচালক আনিস বাজমির মতে, ‘এই দুই ছবির প্রচারে হওয়া ক্ষতির অঙ্ক দেখে এখন কোনো নির্মাতাই আগামী ছবির প্রচারে লগ্নি করতে চাইছেন না। ছবি আদৌ মুক্তি পাবে কি না, তা নিয়ে আশঙ্কায় রয়েছেন সবাই।’

এসএস রাজামৌলীর মাল্টিস্টারার ছবি ‘ট্রিপল আর’-এর ব্যবসার ওপরে বড় ভরসা ছিল ইন্ডাস্ট্রির। যেমন ভরসা ছিল প্রভাসের ‘রাধে শ্যাম’ এবং অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’-এর ওপরে। এই দুটি বড় ছবি জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল, যা বাতিল হয়েছে।

পিছিয়ে গেছে সালমান খান-ক্যাটরিনা কাইফের ‘টাইগার থ্রি’, শাহরুখ খানের ‘পাঠান’, রণবীর সিং-আলিয়া ভাটের ‘রকি আউর রানি কী প্রেম কহানি’র শুটিং। ছবির শুটিং বাতিল হলেও ক্ষতির ভার বইতে হয় নির্মাতাদের।

বিশ্লেষকদের মতে, ছবির রিলিজ এবং শুটিং পিছিয়ে যাওয়ায় জানুয়ারিতেই দেড় হাজার কোটি টাকা ক্ষতির মুখোমুখি হয়েছে ইন্ডাস্ট্রি।

ফেব্রুয়ারিতে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ মুক্তি পাওয়ার কথা। কিন্তু সেখানেও প্রশ্নচিহ্ন ঝুলে রয়েছে। যদিও মঙ্গলবার অক্ষয়কুমার ঘোষণা করেন, মার্চ মাসে তার ‘বচ্চন পাণ্ডে’ সিনেমা হলে মুক্তি পাবে। করোনার জের যেমন কাটছে না, তেমনই ওটিটিতে সিনেমা রিলিজ করে দেওয়ার প্রবণতাও জারি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত