জুটি ও বোলিংয়ে রেকর্ড গড়ে কেনিয়াকে হারাল বাংলাদেশের মেয়েরা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০১:০০ পিএম

বিশ্ব রেকর্ড গড়া জুটি ও বোলিংয়ে কেনিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কমনওয়েলথ গেমস নারী ক্রিকেট প্রতিযোগিতার বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসরা জিতেছে ৮০ রানে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে কিনরারা একাডেমি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১২৫ রান করে বাংলাদেশ। ৫০ রানে ৬ উইকেট হারালেও সালমা খাতুন (৩৩) ও রিতু মনির (৩৯) ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে লড়াকু পুঁজি পায় টাইগ্রেসরা।

মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে সপ্তম উইকেট জুটিতে এটি বিশ্ব রেকর্ড। আগের রেকর্ডটি ছিল তাঞ্জানিয়ার মনিকা পাসকাল ও নাসারা সাইদির। রুয়ান্ডায় ২০১৯ সালে উগান্ডার বিপক্ষে সপ্তম জুটিতে ৭২ রান তুলেছিলেন তারা।

জবাব দিতে নেমে নাহিদা আক্তারের ঘূর্ণিতে ১২.৪ ওভারে মাত্র ৪৫ রানে গুটিয়ে যায় কেনিয়া। কেনিয়ার মেয়েদের মধ্যে সর্বোচ্চ ২৪ রান করেন শ্যারন জুমা। আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

ম্যাচ সেরা হওয়া নাহিদা ৩.৪ ওভার বল করে ১২ রান দিয়ে নেন ৫ উইকেট। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি প্রথম ফাইফার তার। সেই সঙ্গে গড়েছেন একটি রেকর্ডও। মেয়েদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং রেকর্ডটি নিজের করে নিলেন নাহিদা।

আগের রেকর্ডটি ছিল পান্না ঘোষের। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬ রানে ৫ উইকেট নেন তিনি। স্পিনারদের মধ্যে ৫ উইকেট বাংলাদেশের এটিই প্রথম। ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সালমার ৬ রানে ৪ উইকেট ছিল স্পিনে আগের সেরা ফিগার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত