আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মোস্তাফিজ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৬:৪১ পিএম

আইসিসির ২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার নিজেদের ওয়েবসাইটে সেরা একাদশের নাম ঘোষণা করেছে। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন এই বাঁহাতি পেসার।

বিদায়ী বছরটায় টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ ভালো কাটিয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ। বছরে ২০ ম্যাচে ২৮ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে যা বছরে তৃতীয় সর্বোচ্চ, সব মিলিয়ে পঞ্চম। এরই পুরস্কার পেলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান রয়েছেন একাদশে। রয়েছেন শাহিন শাহ আফ্রিদিও। বাবরকে করা হয়েছে অধিনায়ক।

ভারতের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি আইসিসির বর্ষসেরা এই দলে। পাকিস্তানের পরই দলে সবচেয়ে বেশি ক্রিকেটার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার।

জস হ্যাজেলউড ও মিচেল মার্শ জায়গা পেয়েছেন আইসিসির সেরা টিমে। প্রোটিয়াদের প্রতিনিধি আইডেন মারকরাম ও তাবরেজ শামসি। এ ছাড়া রয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আইসিসি টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশ

জশ বাটলার, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), আইডেন মারকরাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবারেজ শামসি, জশ হ্যাজেলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান ও শাহিন শাহ আফ্রিদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত