অধিনায়ক তেম্বা বাভুমার সেঞ্চুরির পর ঝড় তুললেন রাসি ফন ডার ডাসেন। সেঞ্চুরি তুলে নিয়ে থেকে গেলেন অপরাজিত। এই দুইয়ের ব্যাটে ভর করে ভারতকে বড় রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
বোল্যান্ড পার্কে বুধবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। বাভুমা ১৪৩ বলে ১১০ রানের ইনিংস খেলেন। ডাসেন ৯৬ বলে খেলেন ১২৯ রানের অপরাজিত ইনিংস। সুবাদে ৪ উইকেটে ২৯৬ রানের পুঁজি পায় দলটি।
ডাসেন ৯ চার ও ৪ ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস। বাভুমার ইনিংসে ছিল ৮ চার। শেষ ওভারে ১৭ রান তোলা প্রোটিয়ারা শেষ দশ ওভারে তুলে ৮৬ রান।
ভারতের হয়ে ৪৮ রান খরচায় সর্বাধিক ২ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। ৫৩ রানে ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ১০ ওভারে ৭২ রান খরচ করেও উইকেট পাননি শার্দুল ঠাকুর।
