ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গত এক বছরে দেশে বিক্রি হওয়া মোবাইল ফোনের ৬৩ শতাংশই বাংলাদেশে তৈরি হয়েছে। এ সময় দেশের ১৪ কারখানায় তৈরি মোট ২ কোটি ৬১ লাখ মোবাইল ফোন বাজারজাত করেছে বিভিন্ন প্রতিষ্ঠান।
তিনি জানান, এসব কারখানায় বর্তমানে কাজ করছেন প্রায় ২৫ হাজার কর্মী।
বুধবার ঢাকায় বিটিআরসি মিলনায়তনে দেশে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে এসব বলেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে মোবাইল ফোন আমদানিকারক থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। দেশে তৈরি মোবাইল ফোনের আন্তর্জাতিক মান নিশ্চত করতে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) কোনো ছাড় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না।
ফোন নির্মাতাদের ট্যাব ও ল্যাপটপসহ অন্যান্য ডিজিটাল যন্ত্র তৈরিরও আহ্বান জানান তিনি।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমানসহ দেশের ১৪টি মোবাইল ফোন কারখানার ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
