আইসিসি বর্ষসেরা টি-২০ দলে ফিজ

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০১:০৮ এএম

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ২০২১ সালের শুরু থেকেই দারুণ ধারাবাহিক ছিলেন কাটার মাস্টার। ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে পেয়েছেন ২৮টি উইকেট। রান দেওয়ায় ছিলেন বেশ কৃপণ; প্রতি ওভারে ৭ রান। চমৎকার ভেরিয়েশন ও গতির পরিবর্তনে গোটা বছর জুড়েই টাইগারদের বোলিং লাইনআপের মূল ভরসাই ছিলেন এ বাঁহাতি পেসার।

একাদশে মোস্তাফিজের পেস বোলিং সঙ্গী পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। দলটির নেতৃত্বে আছেন বছর জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা বাবর আজম। উইকেটের পেছনে আছেন রেকর্ড রান সংগ্রহকারী মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান থেকে ৩ জন থাকলেও জায়গা পাননি ভারতের কেউই। শ্রীলঙ্কা থেকে রয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বাধিক উইকেটসংগ্রহকারী ওয়ানিন্দু হাসারাঙ্গা। পাকিস্তানের মতো একাদশে তিন খেলোয়াড় আছে দক্ষিণ আফ্রিকা থেকেও। এইডেন মার্করাম ও ডেভিড মিলারের সঙ্গে রয়েছেন স্পিনার তাবরাইজ শামসি। অস্ট্রেলিয়া থেকে সুযোগ পেয়েছেন মিচেল মার্শ ও জশ হ্যাজলউড। আইসিসি বর্ষসেরা টি-২০ দল : জশ বাটলার, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরেজ শামসি, জশ হ্যাজলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান ও শাহিন শাহ আফ্রদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত