সেনাসদস্য হত্যার ঘটনায় তিন ছিনতাইকারী আটক

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০২:৩৬ এএম

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সেনাসদস্য শাহিন আলম (২২) হত্যায় জড়িত তিনজনকে আটক করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকা-ে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু। গতকাল বুধবার দুপুরে থানা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান। এর আগে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা হত্যার দায় স্বীকার করেছেন বলে তিনি জানান।

আটক তিনজন হলো সিদ্ধিরগঞ্জ বাজার কাঠেরপুল এলাকার জীবন মিয়া (২৩), মিজমিজি বাতানপাড়া এলাকার সুমন মিয়া (২৫) ও একই এলাকার জুম্মন মিয়া (২২)। তারা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেন জানিয়েছেন ওসি মশিউর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, পটুয়াখালী জেলার লেবুখালী শেখ হাসিনা ক্যান্টনমেন্টে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন শাহিন আলম। সাত দিনের ছুটিতে গত শুক্রবার বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় তার বন্ধু ফারহাবিবের বাসায় রাতযাপন করতে মৌচাক বেঙ্গল প্যাসিফিক প্রাইভেট লিমিটেড কারখানার সামনে থেকে মাদানীনগর দশতলা ভবন এলাকায় পৌঁছালে রাত সাড়ে ৩টার সময় তাকে ছিনতাইকারীরা আক্রমণ করে। তার সঙ্গে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ছিনতাইকারী জীবন ও সুমন তাদের হাতে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে সেনাসদস্য শাহিন আলমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত