জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০২:৪৯ এএম

ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, পোস্টার প্রকাশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালন করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা জানান। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। রাত ১১টায় নয়াপল্টন এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

বিএনপির দাবি ইসি নয়, নিরপেক্ষ সরকার গয়েশ^র চন্দ্র রায় : দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়। এ সময় তিনি বলেন, ‘বিএনপির দাবি নির্বাচন কমিশন (ইসি) নয়, নিরপেক্ষ সরকার।’

গয়েশ্বর বলেন, ‘ইসি গঠনে সরকার খসড়া একটা আইন করছে। এতে অন্যতম শর্ত হচ্ছে গুরুত্বপূর্ণ সরকারি, আধাসরকারি,  বেসরকারি বা বিচার বিভাগীয় পদে ওইসব ব্যক্তির কমপক্ষে ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ সরকারি কর্মচারী ছাড়া আর কেউ কমিশনে নিয়োগ পাবেন না। আর সরকারি কর্মচারী মানেই হচ্ছে শেখ হাসিনার কর্মচারী।’

ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. আবদুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সিরাজুল ইসলাম, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ। পরে ড্যাবের চিকিৎসকরা এই ক্যাম্প থেকে বিনামূল্যে ১৮০ জন গরিব রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন।

মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরণ ছাত্রদলের : দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ রাজধানীর লালবাগ, উত্তরাসহ বিভিন্ন এলাকার এতিমখানায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

প্রদীপ প্রজ¦ালন কর্মসূচি : বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র  ফোরামের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৫টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ৮৫টি প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়।

অসহায়, দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ : ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের ৮টি সাংগঠনিক জোনে অসহায়, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচি চলবে। 

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গতকাল বুধবার দেশ রূপান্তরকে বলেন, ‘দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দিনব্যাপী ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র এবং ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত