আহমদ রফিক, মাসরুর আরেফিন পেলেন আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১১:৩৩ পিএম

ভাষাসৈনিক আহমদ রফিক ও কথাসাহিত্যিক মাসরুর আরেফিন পেলেন আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, ‘ভাষা আন্দোলন: টেকনাফ থেকে তেঁতুলিয়া’ প্রবন্ধের জন্য আহমদ রফিক ও ‘আগস্ট আবছায়া’ উপন্যাসের জন্য মাসরুর আরেফিন আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৯ পেয়েছেন।

গত ১৫ জানুয়ারি অনলাইনে এক আয়োজনের মধ্য দিয়ে দুজনকে এ সম্মাননা জানানো হয়।   

বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের স্বীকৃতি দিতে আইএফআইসি ব্যাংক ২০১১ সালে চালু করে ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার’। প্রতিবছর সেরা দুটি বই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রত্যেক লেখককে পাঁচ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

করোনা মহামারির কারণে এ বছর অনলাইন আয়োজনের মাধ্যমে নির্বাচিতদের সম্মাননা জানানো হয়। আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ারের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত