আরসা প্রধানের ভাই শাহ আলীর ৬ দিনের রিমান্ড

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০১:৫৩ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার ‘রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)’ প্রধানের ভাই শাহ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তিনটি আলাদা মামলায় দুদিন করে তার মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা এ আদেশ দেন।

পুলিশের পরিদর্শক চন্দন কুমার দাশ জানান, তিনটি মামলায় শাহ আলীর সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। শুনানি শেষে বিচারক প্রতিটি মামলায় দুদিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্যমতে, শাহ আলী (৫৫) মিয়ানমারের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন ‘আরসা’ প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনীর ভাই। তিনি চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার দেওয়ান বাজার এলাকার জয়নব কলোনির ঠিকানায় ‘বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র’ সংগ্রহ করেছেন, যা পুলিশ মামলার এজাহারে উল্লেখ করেছে।

গত ১৬ জানুয়ারি ভোরে উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠসংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ শাহ আলীকে গ্রেপ্তারের তথ্য জানায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ঘটনাস্থল থেকে এপিবিএন সদস্যরা চোখ বাঁধা অবস্থায় সাদিকুল নামে অপহৃত এক যুবককে উদ্ধার করে। তিনি জানান, তাকে সেখানে আটকে রেখে নির্যাতন করে টাকা দাবি করা হয়। পরে ওইদিন রাতে উখিয়া থানায় পুলিশ বাদী হয়ে দুটি ও অপহৃত যুবক বাদী হয়ে একটি মামলা করে। এসব মামলায় আসামি করা হয় শাহ আলী ও মোহাম্মদ জোবাইরসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে। মামলা তিনটি তদন্তের দায়িত্ব পান এসআই মো. নুরে আলম।

শাহ আলীকে গ্রেপ্তারের পর এপিবিএন কর্মকর্তারা বলেছিলেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, ওই এলাকায় কিছু দুষ্কৃতকারী অবস্থান নিয়েছে এবং তারা রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের অঘটন ঘটাতে পারে। পরে ড্রোন দিয়ে তল্লাশি চালিয়ে অবস্থান শনাক্তের পর শাহ আলীকে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত