শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনার প্রেক্ষিতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
শুক্রবার বিকেল ৫টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে অনুষ্ঠিত প্রশাসনের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রদীপ কুমার পাণ্ডে সাংবাদিকদের বলেন, যেহেতু সরকার নির্দেশনা দিয়েছে সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের আবাসিক হলগুলো খোলা থাকবে। বিভাগগুলো চাইলে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। আর পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বিভাগগুলো স্বাধীন। তারা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে সশরীরেই পরীক্ষা গ্রহণ করতে পারবেন। নির্দেশনা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।
এ সময় তিনি দাপ্তরিক প্রয়োজন ব্যতীত ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ ও ক্যাম্পাসে কোনো ধরনের সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য নির্দেশনা দেন।
