রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেলেন রাফায়েল নাদাল। ক্যারেন কাচানভের বিপক্ষে চার সেটের লড়াই জিতে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ৩৫ বছর বয়সী স্প্যানিয়ার্ড।
মেলবোর্নে ২৮তম বাছাই রাশিয়ার কাচানভকে ৬-৩, ৬-২, ৩-৬ ও ৬-১ গেমে হারিয়েছেন নাদাল। শেষ ষোলোয় তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন রাশিয়ার আরেক তারকা ১৮তম বাছাই আসলান কারাৎসেভ বা ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনোকে।
অস্ট্রেলিয়ান ওপেনের পাঁচবারের ফাইনালিস্ট নাদাল আসরের একমাত্র শিরোপাটি জেতেন ২০০৯ সালে। এবার মেলবোর্ন জয় করতে পারলে রজার ফেদেরার ও নোভাক জকোভিচকে টপকে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের মালিক হবেন এই ষষ্ঠ বাছাই। এই তিন তারকা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সমান ২০টি করে।
অস্ট্রেলিয়ান ওপেনে এবারের আসরের পুরুষ এককে একমাত্র চ্যাম্পিয়ন হিসেবে খেলছেন নাদাল। অস্ট্রেলিয়া সরকার ভিসা বাতিল করায় মেলবোর্ন থেকে ফিরতে হয়েছে জকোভিচকে। চোটের কারণে নেই ফেদেরার।
নাদাল ছাড়াও অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন তৃতীয় বাছাই জার্মানির আলেক্সান্দার জাভেরভ ও সপ্তম বাছাই ইতালির মাত্তেও বেরাত্তিনি।
অন্যদিকে মেয়েদের এককে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। তবে শেষ ষোলো নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই অ্যাশলে বার্টি ও দু’বারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী ভিক্তোরিয়া আজারেঙ্কা।
