দেবীগঞ্জে বন বিভাগের বেশ কিছু গাছ গত বৃহস্পতিবার রাতে কেটে ফেলে দুর্বৃত্তরা। পরে সেগুলো জব্দ করে বিট কর্মকর্তার কার্যালয়ে নিয়ে রাখা হলে গতকাল শুক্রবার সকালে ‘আওয়ামী লীগের লোক’ পরিচয় দিয়ে গাছগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে শেষ পর্যন্ত পুলিশের ধাওয়ায় গাছগুলো ফেলে রেখে খালি ট্রাক্টর নিয়ে পালিয়ে যায় তারা। উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের যতিনেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাতে অবৈধভাবে বন বিভাগের গাছ কেটে তা পাচারের তথ্য পান বটতলী বিট কর্মকর্তা জুলফিকার আলী মোহাম্মদ হুমায়ুন কবির। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে বড় আকারের ছয়টি ইউক্যালিপটাস গাছ বোঝাই ট্রাক্টর জব্দ করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। পরে দেবীগঞ্জ থানা পুলিশের টহল দলের সহযোগিতায় রাত আড়াইটার দিকে গাছবোঝাই ট্রাক্টরটি বটতলী বিট অফিসে নেওয়া হয়। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর রাতেই গাছসহ ট্রাক্টরটি নিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।
এরপর গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় বটতলী নতুনপাড়া এলাকার রাব্বু, ফয়সালসহ অন্তত ২০-২৫ জন বিট অফিসে এসে নিজেদের আওয়ামী লীগের লোক পরিচয়ে ট্রাক্টরটি জোর করে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় কেড়ে নেওয়া হয় বিট অফিসার হুমায়ুন কবিরের মোবাইল ফোনটি। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশের একটি দল ট্রাক্টরটিকে ধাওয়া করলে মির্জাগঞ্জ বাজারের পাশে গাছগুলো রেখে ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যান।
দেবীগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মধুসূদন বর্মণ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে।
