কুমিল্লাকে চমকে দিতে চায় সিলেট

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১১:০৮ পিএম

আসরের অন্যতম ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অভিযান শুরু আজ। প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স আবার কুমিল্লার বিপরীত অবস্থানে। আন্ডারডগ তারা। এতে অবশ্য সিলেট নাখোশ নয় বরং খুশি। সিলেটের কোচ মারভিন ডিলন এই অবস্থানে থেকেই চমকে দিতে চান বাকিদের। কাল সংবাদ সম্মেলনে সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার জানালেন তাদের সহজে পাশ কাটানো যাবে না। অন্যদিকে কুমিল্লার হয়ে সংবাদ সম্মেলনে আসা এবারের বিপিএলের অন্যতম সেরা তারকা ফাফ ডু প্লেসি জানান, চ্যাম্পিয়ন হওয়াই তাদের প্রথম লক্ষ্য। তবে শুরুতে কুমিল্লা কিছু সময় নিবে সেরা একাদশ কোনটা তা বুঝতে।

সেরা একাদশে থাকার মতো তিন বিদেশি কুমিল্লাতে। ডু প্লেসি, মঈন আলি ও সুনিল নারিন; এছাড়া কুশল মেন্ডিস, ক্যামেরুন ডেলপোর্ট ও করিম জানাতরাও আছেন। এদিকে দেশি ক্রিকেটারদের মধ্যে নিয়মিত একাদশের লিটন দাস প্রথম দুই ম্যাচে থাকছেন না। তৃতীয় ম্যাচ থেকে দলে ফিরবেন। এছাড়া ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়রা আছেন সেরা একাদশের পরীক্ষিত পারফরমার হিসেবে। এর বাইরেও শহিদুল, নাহিদুল, তানভীর, পারভেজ ইমনরা আছেন। সব মিলিয়ে শুরুতে কুমিল্লাকে সেরা একাদশ বাছাই করতেই কয়েক ম্যাচ দেখতে হবে। ডু প্লেসি বলেন, ‘টুর্নামেন্টে খুব ভালো ক্রিকেটার ও দল আছে। আমাদের নিশ্চিত করতে হবে সেরাটা খেলে যেন শেষ পর্যন্ত থাকতে পারি। অবশ্যই শুরুতে আমাদের সেরা কম্বিনেশন বাছাই করতে হবে। টুর্নামেন্ট যত গভীরে যাবে আমরা ততই বুঝতে পারব কোন কম্বিনেশনটা আমাদের জন্য ভালো।’

এদিকে সিলেট কোচ মারভিন ডিলন আস্থা রাখছেন বড় তারকাহীন দলের ওপর। তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুনরা পারফরমার। অলক কাপালি, এনামুল হক বিজয়, নাজমুল ইসলাম অপুও আছেন। অবশ্য লেন্ডল সিমন্স, রবি বোপারার মতো দক্ষ টি-টোয়েন্টি স্পেশালিস্ট আছেন তাদের। তাই দলটিকে কোনোভাবেই তরুণ বলতে চান না ডিলন। ‘আমি বলব না যে আমাদের দলটা তরুণ। আমাদের কিন্তু বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমি কুমিল্লাকে সমীহ করছি কারণ ওরা ভালো দল, বিপরীতে আমরাও ভালো দল। মূল কাজ হবে ক্রিকেটারদের মনে আত্মবিশ্বাসটা ঢোকানো। ক্রিকেট কিন্তু মাঠে খেলা হয়। আপনারা আমাদের আন্ডারডগ ভাবলেও আমি আপনাদের সবাইকে চমকে দিতে চাই। আমি এই পজিশনটা খুব পছন্দ করি। আমি নিশ্চিত দলগুলো আমাদের সহজ ভাবলেও আমাদের পাশ কাটানো ওদের পক্ষে সহজ হবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত