হাজারো শিল্পীর নৃত্যে মুখর সন্ধ্যা

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০১:৪৩ এএম

শীতের হিমেল সন্ধ্যা। রাজধানীর জাতীয় নাট্যশালার আঙিনা জুড়ে তখন শুধুই নূপুরের শব্দ। দুপুরের পর থেকেই মঞ্চে দেখা যায় শিল্পীদের শেষ মুহূর্তের মহড়ার ব্যস্ততা। গতকাল শুক্রবার ছুটির দিনে নাট্যশালা প্রাঙ্গণে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। দেশের হাজারের বেশি নৃত্যশিল্পীর অংশগ্রহণে নাট্যশালার প্রধান মিলনায়তনে গত বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নৃত্য উৎসব।

গতকাল উৎসবের দ্বিতীয় দিনের পরিবেশনায় অংশ নিয়েছে ২২টি নৃত্যদলের শতাধিক নৃত্যশিল্পী। এদিন নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র মঞ্চস্থ করেছে ‘আলোর পথে’। এছাড়া ধীনা ডান্স একাডেমি ‘বৈচিত্র্যে সৌন্দর্যে স্বাধীনতা’, ধৃতি নর্তনালয় ‘জয়ের আলোকবর্তিকা’, নৃত্যাঙ্গন নৃত্যকলা ‘সুবর্ণ বৃক্ষ’, নৃত্যাশ্রম ‘আবার আসিব ফিরে’, একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস ‘বঙ্গমাতা’, কত্থক নৃত্য সম্প্রদায় ‘নারীর মুক্তিযুদ্ধ’, ধ্রুপদালোক ‘প্রদীপ্ত অগ্নি শিখা’, নর্ত্তন ‘আলোর পথযাত্রী’, ঘাস ফুল নদী ‘আলোকিত জয়যাত্রা’, দীক্ষা ‘স্মৃতিতে সোহাগপুর’ মঞ্চস্থ করেছে। তাছাড়া নৃত্য প্রযোজনা মঞ্চস্থ করেছে নৃত্যকথা, কং নৃত্যালয়, নৃত্যাঙ্গন, সপ্তস্বর সংগীত বিদ্যাপাঠ, নিশুতি, ধ্রুপদী নৃত্যালয়, নৃত্যাক্ষ, নবরস, স্পন্দন, শিখর কালচারাল অর্গানাইজেশন ও ম্যাশ মাহাবুব কোরিওগ্রাফি টিম নৃত্য।

উৎসবের আয়োজক প্রতিষ্ঠান জানায়, এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ প্রতিভাবান নৃত্য পরিচালকদের কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। যার মধ্য দিয়ে দেশের নানা প্রান্তে শিল্পীরা কেমন কাজ করছেন, তা জানার সুযোগ যেমন সৃষ্টি হয়েছে, তেমনি বিভিন্ন অঞ্চলের শিল্পীরা দেশের অন্যান্য অংশে কেমন কাজ করছেন, তা দেখারও সুযোগ পাবেন। আজ উৎসবের সমাপনী সন্ধ্যায় ২৭টি নৃত্যদলের শিল্পীরা নাচ পরিবেশন করবে।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডান্স অ্যাগেইনস্ট করোনা শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। ৭৫টি নৃত্যদল তাদের মৌলিক নৃত্য প্রযোজনা পরিবেশন করছে উৎসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত