বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদীয় দলের প্রধান হারুনুর রশীদ বলেছেন, ‘গণমাধ্যমে সংবাদ এসেছে, সরকার জনগণের ট্যাক্সের টাকায় তাদের অপকর্ম ঢাকতে কেন লবিস্ট নিয়োগ করেছে। এখন সরকারকে এর জবাব দিতে হবে।’
গতকাল শুক্রবার দুপুরে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে শাহবাগ থানা কৃষক দল আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হারুন বলেন, ‘সংসদে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে ফেলেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে বলেছেন, বিএনপি নাকি লবিস্ট নিয়োগ করেছে। আমরা বলতে চাই, বিএনপির লবিস্টের দরকার নেই; যা সত্য এবং দেশে যা সংঘটিত হচ্ছে, সেটার জন্যই লড়াই করছে বিএনপি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ২০০৪ সাল থেকে সরকারি টাকায় অব্যাহতভাবে লবিস্ট নিয়োগ করেছে। আমরা সরকারের কাছে জানতে চাই, এই লবিস্টের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, কী কারণে, কোন মাধ্যমে, জনগণের কোনো অনুমোদন নাই, কেন টাকা বিনিয়োগ করেছে? ২০১৪ সালে তারা বিনা ভোটে এসেছে। ২০১৮ সালে আমি এমপি, আমার বলতে লজ্জা লাগে, রাতের বেলা ভোটের বাক্স ভরা হয়েছিল।’
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় মিথ্যাচার করছেন। সংসদে, সংসদের বাইরে তিনি প্রতিনিয়ত বলেন, “আমি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আছি। আমি আপনাদের সঙ্গে যে ওয়াদা করেছি তা পালন করছি।”’
শাহবাগ থানা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মনির হোসেন বেপারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কৃষক দলের সহসভাপতি নাসির হায়দার, খলিলুর রহমান, স্বাধীনতা ফোরামের সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম প্রমুখ।
