আইপিএলের সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় সাকিব-মোস্তাফিজ

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০১:৩০ পিএম

আইপিএলের সর্বশেষ মেগা নিলাম হয়েছিল ২০১৮ সালে। চার বছর পর আবারও বসছে এই লিগের মেগা নিলাম।

৮ থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি দলে উন্নীত হওয়া ২০২২ আইপিএলের নিলামে গতবারের মতো এবারও খেলোয়াড়দের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। সবচেয়ে দামি ৪৯ জনের এই তালিকায় আছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

ইতোমধ্যে নিলামে ওঠা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। এবারের মেগা নিলামে উঠেছে মোট ১২১৪ জন ক্রিকেটারের নাম। তার মধ্যে ২৭০ বিদেশি ক্রিকেটারের রয়েছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নেই ৩১২ ক্রিকেটারের।

এবার সাকিব ও মোস্তাফিজ ছাড়া আরও ৭ বাংলাদেশি ক্রিকেটারের নাম নিবন্ধিত হয়েছে আইপিএলের নিলামে। এই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৫৯ জন ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ জন দক্ষিণ আফ্রিকার। ওয়েস্ট ইন্ডিজের আছে ৪১, শ্রীলঙ্কার ৩৬, ইংল্যান্ডের ৩০, নিউজিল্যান্ডের ২৯ এবং আফগানিস্তানের ২০ জন ক্রিকেটার। এমনকি নেপালের ১৫ জন এবং যুক্তরাষ্ট্রের ১৪ জন ক্রিকেটারের নামও থাকছে নিবন্ধিত খেলোয়াড়ের তালিকায়। 

গত আসরেও ২ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় ছিলেন সাকিব। বাংলাদেশি অলরাউন্ডারকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে সাকিবকে ছেড়ে দিয়েছে কেকেআর। যার ফলে ফের নিলামে উঠছে তার নাম।

গতবার মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। ‘কাটার মাস্টার’কে ভিত্তিমূল্যেই কিনে নেয় রাজস্থান রয়্যালস। তবে ফিজকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের মেগা নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত