ফুটবল মাঠে সময়টা দারুণ কাটছে করিম বেনজেমার। রিয়াল মাদ্রিদের প্রাণ ভ্রমরা হয়ে আছেন এই ফরাসি স্ট্রাইকার। সম্প্রতি যিনি ব্যালন ডি’অর, চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচ এবং দলটির দুই বড় তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কথা বলেছেন।
গত মৌসুমে মেসি বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি দেওয়ায় অনেকে তার সমালোচনা করছেন। কিন্তু আর্জেন্টাইন সুপারস্টার যে ফ্রান্সে সফল হবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই বেনজেমার।
এক সাক্ষাৎকারে বেনজেমা বলেন, ‘তার ভালো না করার কোনো উপায় নেই। এখন মাত্র সে মানিয়ে নেওয়া শুরু করেছে, কারণ সে খুব বেশি গোল করেনি। সে মাঠে কি করে সেটা দেখুন। যাই হোক, আপনি এমন একজন খেলোয়াড়ের সমালোচনা করতে পারেন না। যারা মেসির সমালোচনা করে, তারা আসলে ফুটবল বুঝে না।’
আসছে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জাতীয় দলের সতীর্থ এমবাপ্পের মুখোমুখি হতে হবে বেনজেমাকে। সে প্রসঙ্গে বলেন, ‘এমবাপ্পের মুখোমুখি হওয়া? এটা খুবই বিশেষ হবে। আমরা খুব ভালো বন্ধু। দেখা যাক কি ঘটে। সে জিততে চাইবে এবং আমিও তাই চাই।’
লিগ ওয়ানের শক্তিধরদের বিপক্ষে ম্যাচটি নিশ্চিতভাবেই রিয়ালের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তবে বেনজেমা বললেন তারা তৈরি।
২০২১ সালের ব্যালন ডি’অর নিয়ে বলেন, ‘দেখুন, আমি যখন ছোট তখন থেকেই বলে আসছি, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় অথবা ৩০তম হওয়া একই। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো জয়। পরে, তারা আমাকে বলে যে আমি পর্যাপ্ত ট্রফি জিততে পারিনি। কিন্তু আমি আর কিছু করতে পারিনি।’
বেনজেমার মতে, ‘আমার কাছে ব্যালন ডি’অর এমন কারো জন্য, যে গোল করে, গোল তৈরি করে, কঠিন মুহূর্তেও আছে। অনেক কিছু এখানে থাকে, শুধু ট্রফি জেতা না। কিন্তু আমি এমন কেউ নই যিনি ট্রফিটা তুলে দেব।’
আরো পড়ুন
