ব্যাংক কর্মীদের টিকা সনদ নিতে হবে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০১:০৯ এএম

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ নেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ব্যাংক কর্মী ও গ্রাহকদের জন্য বাধ্যতামূলক মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করতে বলা হয়েছে। 

গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘এটা একটি পরামর্শমূলক নির্দেশনা। ব্যাংকের কর্মীরা যাতে সংক্রমণ নিয়ে সতর্ক থাকে সেই লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো কর্মী টিকা সনদ না নিলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমরা কিছু বলিনি।’

করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় গত শুক্রবার থেকে দেশের সব স্কুল, কলেজ পরবর্তী দুই সপ্তাহ বন্ধ ঘোষণা করেছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এছাড়া কোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি মানুষের সমাবেশ না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে যারা যোগ দেবেন, তাদের অবশ্যই টিকা সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে করা পিসিআরে কভিড-১৯ টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।

তাছাড়া ব্যাংকের মতো সরকারি, বেসরকারি অফিস এবং শিল্প-কারখানায় কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ নিতে হবে। সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত