আর্থিক অন্তভুক্তি কার্যক্রমের আওতায় খোলা ১০, ৫০ ও ১০০ টাকার ব্যাংক হিসাবধারী, প্রান্তিক বা ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন একটি ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল রবিবার এই স্কিমের আওতায় ক্রেডিট গ্যারান্টি সুবিধার নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক জানায়, ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক বা ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ২৫ হাজার টাকার ঋণও কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি সুবিধা পাবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ২০১৪ সালে ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারীদের ঋণসুবিধা দেওয়ার জন্য ২০০ কোটি টাকার এই পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়। কভিড-১৯-এর প্রকোপ দেখা দিলে ২০২০ সালের সেপ্টেম্বরে এই তহবিলের আকার বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয় এবং এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ নীতিমালা জারি করা হয়।
ওই নীতিমালায় এ ধরনের ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধাও রাখা হয়। এখন কভিড-১৯-পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে স্কিমটির আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ঝুঁকির মাত্রা কমানো ও অভীষ্ট গ্রাহকদের ঋণ প্রাপ্তি বাড়াতে ওই ক্রেডিট গ্যারান্টি স্কিমের তহবিল থেকে নতুন এই স্কিমের গ্যারান্টি সুবিধা দেওয়া হবে। নতুন এই স্কিমের আওতায় ঋণ বা বিনিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকের এই ইউনিটের মোট গ্যারান্টির সর্বোচ্চ ৩০ শতাংশ পোর্টফোলিও গ্যারান্টি ক্যাপ (কাভারেজ) প্রদান করা হবে। ওই গ্যারান্টি ক্যাপের আওতায় কোনো একক উদ্যোক্তা বা ঋণগ্রহীতার ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ শতাংশ গ্যারান্টি কাভারেজ প্রদান করা হবে।
স্কিমে অংশ নেওয়া ব্যাংককে চলতি বছরের জন্য এবং পরবর্তী বছরের জন্য ঘোষিত মোট টার্গেটসীমার আওতায় গ্যারান্টি রেজিস্ট্রেশন প্রাপ্ত ঋণ বা বিনিয়োগের ওপর ১ শতাংশ হারে এক বছরের জন্য গ্যারান্টি ফি দিতে হবে। গ্যারান্টি চলমান থাকলে এক বছর পর পরবর্তী সময় থেকে অব্যবহিত পূর্ববর্তী দিনের গ্যারান্টিলব্ধ ঋণ বা বিনিয়োগ স্থিতির ওপর বার্ষিক ভিত্তিতে গ্যারান্টি ফি পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে যেসব ব্যাংকের খেলাপি ঋণ ৫ শতাংশের নিচে সেসব ব্যাংক বার্ষিক শূন্য দশমিক ৫০ শতাংশ হারে এবং যেসব ব্যাংকের খেলাপি ঋণ ৫ শতাংশের বেশি, সেসব ব্যাংক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে গ্যারান্টি ফি প্রদান করবে।
