ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগারকে জিম্মি-নির্যাতন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০২:০২ এএম

ট্রান্সজেন্ডার এক নারী বিউটি ব্লগারকে যৌন নির্যাতন, হত্যাচেষ্টা ও টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রবিবার রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলো ফুয়াদ আমিন ইশতিয়াক ওরফে সানি (২১), সাইমা শিকদার নিরা ওরফে আরজে নিরা (২৩) ও আব্দুল্লাহ আফিফ সাদমান ওরফে রিশু (১৯)।

ভুক্তভোগীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত অবৈধ ওয়াকিটকি সেট, খেলনা পিস্তল,  মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে র‌্যাব।

বিউটি ব্লগার ছায়েদ বিন রাব্বি শান্ত ওরফে সাদমুআ (২২) অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের সঙ্গে তার পরিচয় হয়েছিল। এর সূত্র ধরে তাকে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন লোকের সঙ্গে সখ্য গড়ে  তোলে। পরে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এসব অপকর্ম করার ক্ষেত্রে তারা নিজেদের সেনা কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয় দেয়।

গতকাল বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া  সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ইশতিয়াক চক্রের হোতা এবং আরজে নীরা ও সাদমান আফিফ ওরফে রিশু তার অন্যতম সহযোগী। তারা বিগত প্রায় দুই বছর ধরে নানা কৌশলে জিম্মি, ব্ল্যাকমেইল ও প্রতারণা করে বিভিন্ন  শ্রেণি-পেশার নারী-পুরুষের অর্থ হাতিয়ে আসছিল। তারা সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্নজনের সঙ্গে সখ্য গড়ে তোলে। পরে কৌশলে বিভিন্ন সময়ের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে হেনস্থা ও ব্ল্যাকমেইল করে।

রাজধানীর ভাটারা থানায় ছায়েদ বিন রাব্বি শান্তর করা মামলা সূত্রে জানা গেছে, সাদমানের সঙ্গে তার সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। এর সূত্র ধরে সাদমানের সঙ্গে গত ১০ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকায় একটি রেস্টুরেন্টের সামনে দেখা করেন তিনি। পরে তাকে ওই এলাকার একটি বাসায় নিয়ে যান রিশু। সেখানে অন্য সহযোগীদের সহায়তায় তাকে মারধর, শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করে সাদমান। এসব দৃশ্যের আবার ভিডিও ধারণ করে। এ সময় তারা তার মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। আইন-শৃঙ্খলা ও সামরিক বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে তারা ভয় দেখায় তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত