চকরিয়ায় সালিশে যুবককে কুপিয়ে হত্যা, আহত ৩

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০২:২৭ এএম

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সালিশ বৈঠকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় আহত হয়েছে আরও তিনজন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল রবিবার উপজেলার বদরখালী বাজারে বসা সালিশে এই ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ বদন (৪০)। তিনি বদরখালী ইউনিয়নের ঠুটিয়াপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির কার্যালয়ে সালিশ বৈঠক ছিল। জমি সংক্রান্ত সৃষ্ট বিরোধ নিরসনের জন্য মোহাম্মদ বদন ও তার ভাইয়েরা উপস্থিত হন। সেখানে প্রতিপক্ষ আবদুল জলিলের ছেলে মো.  ছোটন, মো. সাগর ও মো. রাজিবও হাজির হন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দা ও ছুরি নিয়ে হামলা চালায়। এতে এলোপাতাড়ি দায়ের কোপ ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন মো. বদন ও তার তিন ভাই। ঘটনাস্থলেই বদনের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি মোহাম্মদ  ওসমান গণি দেশ রূপান্তরকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত