এলচের বিপক্ষে ঘরের মাঠে বেশ কঠিন পরীক্ষা দিতে হলো লা লিগার শীর্ষে থাকা দল রিয়াল মাদ্রিদকে। ২-০ গোলে পিছিয়ে পড়ে হারতেই বসেছিল দলটি। তবে শেষ ১০ মিনিটে দুই গোল করে পয়েন্ট আদায় করেছে দলটি।
৪২ মিনিটে লুকাস বোয়ে এবং ৭৬ মিনিটে পেরে মিল্লা এলচের পক্ষে গোল দুটি করেন। ৮২ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালের পক্ষে ব্যবধান কমান লুকা মদ্রিচ। যোগ করা সময়ে এডের মিলিতাও দলকে সমতা এনে দেন।
ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালের পক্ষে গোল করতে ব্যর্থ হন করিম বেনজেমা। পরে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় ম্যাচ গোলশূন্য থাকা অবস্থাতেই মাঠ ছাড়তে হয় ফরাসি তারকাকে।
চলতি মৌসুমে ৩৩ ম্যাচে ২৭ গোল করেছেন বেনজেমনা। তিন সপ্তাহ পর পিএসজির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ রিয়ালের। তার আগে বেনজেমার এই চোট স্বাভাবিকভাবেই ভক্তদের কপালে চিন্তার ভাজ ফেলেছে।
এদিন পয়েন্ট হারানোয় দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার সঙ্গে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্টের ব্যবধান এখন ৪। ২২ ম্যাচে ৫০ পয়েন্ট রিয়ালের। অন্য দিকে সেল্তার বিপক্ষে শনিবার ২-২ ড্র করা সেভিয়ার পয়েন্ট সমান ম্যাচে ৪৬।
