করোনায় আক্রান্ত হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনাজ। ২২ জানুয়ারি, শনিবার পরীক্ষা করা হলে তার দেহে কোভিড-১৯ ধরা পড়ে বলে জানিয়েছেন তার স্বামী চিত্রনায়ক নাঈম। তিনি বলেন, ‘শাবনাজ এখন বাসাতেই আছে। সবার থেকে আলাদা। গতকাল জ্বর ছিল। সন্দেহ হলে পরীক্ষা করাই৷ ফলাফল আসে কোভিড পজিটিভ। বাসায় থেকেই তার চিকিৎসা চলছে।' শাবনাজের জন্য দোয়া চেয়েছেন নাঈম।
এক ফেসবুক বার্তায় এই চিত্রনায়ক সবাইকে সাবধানতা অবলম্বন করে মাস্ক ব্যবহার করার অনুরোধও জানিয়েছেন।
১৯৯১ সালের ৪ অক্টোবর ‘চাঁদনী’ সিনেমা দিয়ে বড় পর্দায় জুটি হিসেবে আসেন নাঈম-শাবনাজ। এরপর৷ বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তারা৷ একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের প্রেম ও বিয়ে। দুই কন্যা নিয়ে তাদের সুখের সংসার৷ অভিনয় থেকে আছেন দূরে। বেশির ভাগ সময় থাকেন টাঙ্গাইলেই।
