উড়োজাহাজের চাকায় ৯ হাজার কিলোমিটার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৬:০৯ এএম

আকাশপথে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামের দূরত্ব প্রায় ৯ হাজার কিলোমিটার। আন্তঃমহাদেশীয় এই পথ পাড়ি দিতে একটি কার্গো ফ্লাইটের সময় লাগে গড়ে ১১ ঘণ্টার মতো। আর পথে কোথাও যাত্রাবিরতি দিলে সে সময় আরও দীর্ঘ হয়। কিন্তু এই দীর্ঘ পথই উড়োজাহাজের চাকায় চড়ে পাড়ি দিয়েছেন এক ব্যক্তি। অক্সিজেন স্বল্পতা আর ঠান্ডাজনিত জটিলতা কাটিয়ে ওই ব্যক্তি দিব্যি বেঁচেও আছেন!

গত রবিবার কার্গোলাক্স ইতালিয়ার ফ্লাইটটি জোহানেসবার্গ থেকে নাইরোবি এবং পরে জোহানেসবার্গে যায়। ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে, না কেনিয়া থেকে উঠেছেন এটা নিশ্চিত হওয়া যায়নি। ওই ব্যক্তির নাম-পরিচয়ও প্রকাশ করেনি নেদারল্যান্ডস পুলিশ। রয়্যাল ডাচ মিলিটারি পুলিশের মুখপাত্র জোয়ানে হেলমন্ডস বলেন, ‘উড়োজাহাজের নোজ হুইল সেকশনে যে ব্যক্তিকে পাওয়া গেছে, তিনি জীবিত রয়েছেন। আমরা তাকে হাসপাতালে নিয়েছি। তার অবস্থা স্থিতিশীল।’ জোয়ানে হেলমন্ডস বলেন, এটা আসলেই মনে রাখার মতো ঘটনা যে ওই ব্যক্তি বেঁচে আছেন।

নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনওএসের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা বেড়েছে বিমানবন্দরে। এর মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছায়। তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে এই ঘটনাকে খুবই অস্বাভাবিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এএফপি বলছে, এমন লম্বা যাত্রায় চাকায় ঝুলে থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এত উচ্চতায় অক্সিজেন কম থাকে। এ ছাড়া ঠান্ডাজনিত জটিলতা তো রয়েছেই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত