শনাক্ত বেশি ইউরোপে মৃত্যু দ. আমেরিকায়

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৬:০৯ এএম

সর্বশেষ দুই দিনে বিশ্বজুড়ে দৈনিক করোনা রোগী শনাক্ত কমেছে। গত শুক্রবার ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৫ লাখের ওপরে থাকলেও রবিবারের ২৪ ঘণ্টায় তা ২২ লাখে এসে নেমেছে। তবে গেল এক সপ্তাহে বিশ্বজুড়ে শনাক্ত-মৃত্যু বেড়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে গত এক সপ্তাহে বিশ্বজুড়ে শনাক্ত হয়েছে ২ কোটি ১৮ লাখ ২৪ হাজার। যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। আগের সপ্তাহে শনাক্ত হয়েছিল ২ কোটি ৮ লাখ ৫৬ হাজার নতুন করোনা রোগী। আলোচ্য সময়ের মধ্যে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুও বেড়েছে। গত সপ্তাহে বিশ্বে মারা গেছে ৫৩ হাজার ৭৭৫ জন। যা তার আগের সপ্তাহের তুলনায় ৬ শতাংশ বেশি। আগের সপ্তাহে ৫০ হাজার ৪৫৬ জনের মৃত্যু হয়েছিল। 

আলোচ্য সময়ে অবশ্য বিশ্বের সব অঞ্চলে রোগী বা মৃত্যু বাড়েনি। কিছু এলাকায় কমেছেও। এই সময়ে শনাক্ত সবচেয়ে বেশি বেড়েছে দক্ষিণ আমেরিকায় ৩৩ শতাংশ। এরপর বেড়েছে এশিয়ায় ২৭, ইউরোপে ১৫ শতাংশ বেড়েছে। তবে উত্তর আমেরিকায় কমেছে ২৫ শতাংশ। আর ওশেনিয়ায় ও আফ্রিকায় যথাক্রমে ৩৭ ও ৭ শতাংশ। তবে মৃত্যু সংখ্যা পরিবর্তনে দেখা গেছে ইউরোপে সপ্তাহ ব্যবধানে মৃত্যু কমেছে ৫ শতাংশ। আফ্রিকায়ও এই সময়ে মৃত্যু কম হয়েছে ২ শতাংশের মতো। তবে দক্ষিণ আমেরিকায় ৮৯ শতাংশের বেশি বেড়েছে মৃত্যু। ওশেনিয়ায় বেড়েছে ৪৫ শতাংশ, এশিয়ায় ১০ এবং উত্তর আমেরিকায় ৩ শতাংশ। 

এদিকে ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ২২ লাখ ৩৮ হাজার ৮৭৪ জন। এই সময়ে আরও চার হাজার ৮৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারী শুরুর পর বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬ লাখ ১৪ হাজার ৩৩৬ জনে। আর সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৫০৪ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে ভারতে। বৈশ্বিক সংক্রমণেও সারা বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। একদিনে সেখানে সংক্রমিত হয়েছে ৩ লাখ ৫ হাজার ১৭১ জন। আর মারা গেছে ৪৭৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৮৯ হাজার ৮৯৬ জনের মৃত্যু ও ৩ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৪৩৫ জন সংক্রমিত হয়েছে।

দৈনিক সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ভারতের পরেই রয়েছে ফ্রান্স। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছে ৩ লাখ ১ হাজার ৬১৪ জন। আর মারা গেছে ১১৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত এক লাখ ২৮ হাজার ৬২৯ জনের মৃত্যু ও এক কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৪৩২ জন সংক্রমিত হয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ২ লাখ ৩০ হাজার জন। একই সময়ে মারা গেছে ৫৭৪ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ৭ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৯৩১ জন সংক্রমিত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৮ লাখ ৮৯ হাজার ১৯৭ জন।

মোট সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছে ১৬৬ জন। এছাড়া নতুন করে সংক্রমিত হয়েছে ৮৪ হাজার ২৩০ জন। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৪৩৭ জন। তাদের মধ্যে মারা গেছে ৬ লাখ ২৩ হাজার ১৪৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত