বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে থেকেই চুপচাপ ক্ষমতা থেকে কেটে পড়বেন। কারণ পালানো ছাড়া অন্য কোনো বিকল্প পথ তার সামনে আর খোলা নেই।
গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘দেশ ও দেশের মানুষের স্বার্থে শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করব। এমনকি আমরা তাকে পতন ঘটানোর সুযোগ নাও পেতে পারি। কারণ তিনি নিজে থেকেই কেটে পড়তে পারেন। অপবাদ, ব্যর্থতা এবং বিশ্ব ও দেশীয় রাজনীতিতে তিনি যে অবস্থানে আছেন, তাতে গুছিয়ে ওঠার সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি না। তাই তার চুপচাপ পালানোর পথ ছাড়া অন্য কোনো বিকল্প পথ খোলা নেই।’
