‘পুষ্পা’র সাফল্য: ছবি প্রতি শত কোটি টাকার প্রস্তাব

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১২:৩৪ পিএম

করোনার মাঝে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে একাধিক হিন্দি সিনেমার। তার মাঝেই ইতিহাস গড়লো ‘পুষ্পা: দ্য রাইজ’। দক্ষিণ ভারতীয় সিনেমাটির আয় ৩০০ কোটি রুপির ঘর পেরিয়ে গেছে, কোনো প্রচার ছাড়াই হিন্দি বক্সঅফিস থেকে আয় করে ১০০ কোটি রুপি। সম্প্রতি বড় অঙ্কের বিনিময়ে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে।

সেই সুবাদে ছবির নায়ক আল্লু অর্জুনও ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় সবচেয়ে দামি অভিনেতা হতে চলেছেন। দক্ষিণী পরিচালক অ্যাটলির পরবর্তী ছবিতে আকাশছোঁয়া পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হলো তাকে। যা দিয়ে গোটা একটি বড় বাজেটের ছবি বানানো যায়!

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ১০০ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছে অভিনেতাকে। তবে এ নিয়ে আল্লু অর্জুনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। কারণ আপাতত তার সব ব্যস্ততা সদ্য রিলিজ ছবির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ ঘিরে।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পরে আল্লুর ইনস্টাগ্রাম প্রোফাইলের অনুগামীর সংখ্যা চড়চড় করে বেড়ে গেছে। দেড় কোটি ফলোয়ার উপলক্ষে মকর সংক্রান্তির দিন ইনস্টাগ্রামে বিশেষ পোস্টও করেছিলেন তেলুগু সুপারস্টার।

এদিকে আল্লুর সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। শত কোটি টাকার মূল্যের বাংলোয় থাকেন দুই সন্তান ও স্ত্রীর সঙ্গে। তার ভ্যানিটি ভ্যানের দাম ৭ কোটি রুপি। দুটি দামি গাড়ি ছাড়াও ব্যক্তিগত বিমানের মালিক আল্লু অর্জুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত