চট্টগ্রামে যাওয়ার আগে ঢাকাকে নিয়ে হতাশ তামিম (ভিডিও)

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৬:২৩ পিএম

একঝাঁক তারকা নিয়েও বিপিএলে ভালো করতে পারছে না মিনিস্টার গ্রুপ ঢাকা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতেই হার মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবালদের নিয়ে গড়া দলটার।

এমন পারফরম্যান্সে বেশ হতাশ তামিম। ঢাকায় প্রথম পর্ব শেষ করে চট্টগ্রামে যাওয়ার আগে তাই মুখে হাসি নেই এই ওপেনারের।

মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাত্র ১০০ রানে গুটিয়ে গিয়ে ৭ উইকেটে হেরেছে ঢাকা। এমন হারের পর কোনো কিছুকেই অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না তামিম। সরাসরিই বলছেন, দল হিসেবে তারা ভালো করতে পারছেন না।

‘আমরা ভালো ক্রিকেট খেলছি না এটাই একটা কারণ। আমার কাছে মনে হয় চারটা ম্যাচেই, এমনকি যে ম্যাচটাতে আমরা জিতেছি ওটাও ভাগ্যক্রমে জিতেছি। এটা না যে খুব ভালো ক্রিকেট খেলেছি। হ্যাঁ, আমাদের বোলিংটা ভালো ছিল। ব্যাটিংটা তেমন একটা ভালো ছিল না। এটাই কারণ, এর চেয়ে বেশি কিছু না। আমরা ভালো ক্রিকেট খেলছি না।’- ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এভাবেই বলেন তামিম।

চলতি আসরে ঢাকার প্রথম পর্বে দিনের প্রথম ম্যাচগুলোয় রান কম হয়েছে। তবে এদিন অন্যদিনের তুলনায় উইকেট বেশ ভালো ছিল বলে মনে করেন তামিম, ‘এখানে উইকেট বা অন্য কোনো কিছুর দোষ দিয়ে আসলে লাভ নেই। আমার কাছে মনে হয় যে, অন্য দিনের সকালের ম্যাচের তুলনায় আজকের উইকেটটা ভালো ছিল। আমরা ভালো ব্যাটিং করিনি।’

ব্যাটারদের কাঠ গড়ায় তুলে তামিম আরো বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটাই এ রকম যে সবাই প্রত্যেক দিন রান করবে না। সাফল্য কম আসবে, ব্যর্থই বেশি হবে। কিন্তু যখনই কারও সময় আসে বা কেউ যদি ভালো শুরু পায়, তাকে নিশ্চিত করতে হবে খেলাটা যত দূরে নিয়ে যাওয়া যায়। সম্ভবত আমাদের জুটিই হচ্ছে না। এটাই মূল কারণ।’

টুর্নামেন্টে বড় কিছুর স্বপ্ন এখন ফিকে হওয়ার উপক্রম ঢাকার। তামিমও মানছেন সেটা, ‘সত্যি কথা বলতে আমাদের কঠিন হয়ে যাচ্ছে। চার ম্যাচে একটা ম্যাচ জিতেছি আমরা। আছে আর ৬ ম্যাচ। যদি কোয়ালিফাই করতে হয়, তাহলে ৫ ম্যাচ জিততে হবে। অর্থাৎ আমাদের ৬ ম্যাচের ৪টিতেই জিততে হবে। এটা কঠিন তবে অসম্ভব নয়।’

চট্টগ্রামে শুক্রবার একই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে ঢাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত