ছাত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁস: বশেমুরবিপ্রবির শিক্ষককে সভাপতির পদ থেকে অব্যাহতি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৭:৩৯ পিএম

ফোনালাপ ফাঁসের ঘটনায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের সভাপতি এইচ এম আনিসুজ্জামানকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষক এইচ এম আনিসুজ্জামানের বিরুদ্ধে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার ফোনালাপ ফাঁসসহ পরীক্ষার ফলাফলে অনিয়ম ও নানা অভিযোগ ওঠার পর তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে অব্যাহতি দিয়ে বিভাগটির ডিন অধ্যাপক ড. মো. মোজাহার আলীকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কৃষি বিভাগের বর্তমান সভাপতি এইচ এম আনিসুজ্জামানের স্থলে বিভাগটির ডিন অধ্যাপক ড. মো. মোজাহার আলীকে সভাপতির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. মোজাহার আলী বলেন, পত্র-পত্রিকায় প্রকাশিত খবর এবং শিক্ষার্থীদের আবেদনের বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে এইচ এম আনিসুজ্জামানকে সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তদন্তের পরে অভিযোগ প্রমাণিত না হলে তাকে পুনরায় সভাপতির দায়িত্ব দেওয়া হবে।

জানা যায়, সম্প্রতি এক ছাত্রীকে কৃষি বিভাগের শিক্ষক এইচ এম আনিসুজ্জামানের অনৈতিক প্রস্তাব দেয়ার ফোনালাপের একটি অডিও ফাঁস হয়। এরপরে গত ২৩ জানুয়ারি শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, নম্বরপত্রে গরমিল করা, উত্তরপত্রে ইচ্ছা মাফিক নম্বর বসানো, শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করানোর হুমকিসহ হিসাব-নিকাশে অসমতার অভিযোগ তুলে শিক্ষক আনিসুজ্জামানের অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট চিঠি দেন শিক্ষার্থীরা। ২৪ জানুয়ারি ওই শিক্ষকের শাস্তি চেয়ে ক্যাম্পাসে মিছিলও করে ছাত্রলীগ। পরে শিক্ষক এইচ এম আনিসুজ্জামানকে সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে এইচ এম আনিসুজ্জামান বলেন, এসব মিথ্যা ও বানোয়াট। অডিও রেকর্ডের ভয়েস আমার কণ্ঠস্বরের সঙ্গে ম্যাচ করে না।

অব্যাহতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ওমিক্রনে আক্রান্ত। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কমিটি তদন্ত করে দেখবে। সত্যতা না পেলে তারা আমাকে আবার সভাপতির পদে আমাকে বহাল রাখবেন বলে আমি মনে করি। আমার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, এ পর্যন্ত বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্যসহ প্রায় দশজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত