‘পদ্মভূষণ’ প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১০:৩৭ এএম

ভারত সরকার ঘোষিত পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার রাতে তার পারিবারিক সূত্রে এই খবর জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমকে বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্য ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

মীরা বলেন, বুদ্ধদেব শারীরিকভাবে দুর্বল হলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি আগের মতোই দৃঢ়চেতা এবং সবল রয়েছেন। সেভাবেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন পদ্মসম্মান ফিরিয়ে দেওয়ার।

এক বিবৃতিতে বুদ্ধদেব বলেন, পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এ নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তা হলে আমি তা প্রত্যাখ্যান করছি।

বুদ্ধদেবের পরিবার জানায়, তার বাড়িতে কেন্দ্রীয় সরকারের তরফে ফোন করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিনিধি ফোনে জানান, বুদ্ধদেব পদ্মভূষণ পাচ্ছেন। তার পরেই ফোন কেটে যায়। রাতে বুদ্ধদেবের নাম পদ্মসম্মানের জন্য ঘোষণা করে দেয় কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তখনো বিষয়টি জানতেন না। পরে খবর জেনে পত্রপাঠ সম্মান প্রত্যাখ্যান করেন।

এ দিকে একই দিন ‘পদ্মশ্রী পুরস্কার’ প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত