রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
‘স্বৈরাচারী ভিসির পদত্যাগের দাবিতে গণ অবস্থান’ শীর্ষক এ আয়োজন শুরু হয় বুধবার বেলা ১২টার দিকে।
এ সময় অংশগ্রহণকারীরা শাবিপ্রবি ভিসি বিরোধী স্লোগান দেন। ভিসির পদত্যাগকে ‘এক দফা এক দাবি’ বলে উল্লেখ করেন তারা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা এ গণ অবস্থানে অংশ নেন। তাদের সঙ্গে একাত্ম প্রকাশ করে যুক্ত হয় শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীদের সংগঠন আর্কিটেকচার সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আশা)।
এ দিকে বুধবার সকালে শাবিপ্রবির সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের আহ্বান সাড়া দিয়ে অনশনরত শিক্ষার্থীরা পানি পান করেন। এ সময় তারা ভিসির পদত্যাগের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
