বগুড়ায় বাসচাপায় নিহত অটোরিকশার ৫ যাত্রী

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০২:১৮ এএম

বগুড়ার শেরপুর উপজেলায় বাসের চাপায় চালকসহ একটি সিএনজিচালিত অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার মির্জাপুরের রাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। একই দিন নাটোরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরটিভির জেলা প্রতিনিধির বাবা, ঝিনাইদহে ট্রাকচাপায় মারা গেছেন এক কলেজশিক্ষক। চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন এক নারী। এ ছাড়া বরিশালে করোনার টিকা নিতে যাওয়ায় পথে বাসচাপায় নিহত হয়েছে এক শিক্ষার্থী, টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় প্রাণ গেছে এক মাদ্রাসাছাত্রের। এসব দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে দেশের বিভিন্ন হাসপতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। 

দেশ রূপান্তরের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিত :

বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, শেরপুরে নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। গতকাল বিকেল ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার রাজাপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। মির্জাপুর আমতলা নামক স্থানে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ ৫ জন নিহত হন। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ বাসটি আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

নাটোর প্রতিনিধি জানিয়েছেন, আরটিভির জেলা প্রতিনিধি শেখ তোফাজ্জল হোসেনের বাবা শহীদুল্লাহ শেখ (৯১) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। গতকাল বেলা সাড়ে ১১টায় বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি বড়াইগ্রাম পৌর এলাকার দোকুল মহল্লার বাসিন্দা ছিলেন। 

টাঙ্গাইলের মির্জাপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল দুপুরের দিকে উপজেলার বাওয়ার রোডসংলগ্ন এলাকায় ট্রাকচাপায় লামিম (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। লামিম উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের আলী হোসেন ইদ্রিসের ছেলে ও স্থানীয় দারুল ফালাহ্ হিবস অ্যান্ড প্রি-ক্যাডেট মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মহাসড়কের ওই স্থানে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি দ্রুত গতির ট্রাক লামিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত হয়েছেন বলে জানিয়েছেন আমাদের জেলা প্রতিনিধি। ওই কলেজশিক্ষকের নাম মহিদুল ইসলাম (৫১)। তিনি গান্না আলহাজ মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক ছিলেন।

গতকাল দুপুরে ঝিনাইদহ গান্না-বাজারগোপালপুর সড়কের মাধবপুর পশুহাটের পাশে দুর্ঘটনাটি ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, মহিদুল ইসলাম কলেজ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বরিশালে করোনার টিকা দিতে যাওয়ার পথে বাসচাপায় এক শিক্ষার্থীর নিহতের খবর দিয়েছেন আমাদের প্রতিনিধি। স্থানীয়দের বরাতে তিনি জানান, গতকাল সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসের চাপায় অন্তর মৃধা নামে এক শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা গেছে। এ ঘটনায় রেদওয়ান ফকির ও শান্ত নামে আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তারা ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার পরপরই বিক্ষুব্ধরা বলেশ্বর পরিবহনের বাসটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় সড়কের দুইপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর গৌরনদী হাইওয়ে থানা পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি পৌরসভাধীন বারৈয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাতেমা বারৈয়ারহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফাতেমার বাড়ি মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত