বাংলাদেশের জার্সিতে আগামী ৬ মাস টি-টোয়েন্টি খেলতে দেখা যাবে না তামিম ইকবালকে। তবে টেস্ট ও ওয়ানডে চালিয়ে যাবেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের ফ্র্যাঞ্চাইজি মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে এক সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান দেশের এই ড্যাশিং ওপেনার।
তবে ৬ মাস পর বড় কোনো ইভেন্টে দল বা তামিম নিজে যদি মনে করেন ফেরা দরকার তখন প্রত্যাবর্তনের কথা ভাববেন জানিয়েছেন তিনি। আপাতত সীমিত ওভারের এই ক্রিকেট থেকে ‘বিরতি’ নিয়ে টেস্ট ও ওয়ানডের দিকে মনোযোগ দিতে চান ৩২ বছর বয়সী ব্যাটার।
গত কয়েকদিন ধরে তামিমের টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে আলোচনা চলছিল বাংলাদেশের ক্রিকেট পাড়ায়। গত শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তামিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে চান না। এরপরই হইচই পড়ে যায় ক্রিকেটাঙ্গনে।
এরপর গত মঙ্গলবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, তামিমের নিজস্ব একটা প্ল্যান আছে, ও সেভাবেই এগোতে চাচ্ছে।
বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে সেই পরিকল্পনার কথায় জানালেন তামিম, ‘আপনারা তো জানেন, কয়েকদিন ধরে আমার টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে বেশ আলোচনা চলছিল। গত কয়েকদিন বিভিন্ন ধরনের মিটিং হয়েছে আমার সঙ্গে। বিসিবি প্রেসিডেন্ট ও বিশেষ করে জালাল ভাইয়ের (জালাল ইউনুস) সঙ্গে। ওনারা চাচ্ছেন আমি টি-টোয়েন্টি চালিয়ে যাই। বিশেষ করে বিশ্বকাপ পর্যন্ত। তবে আমি টি-টোয়েন্টি ক্রিকেট আগামী ৬ মাস বিবেচনায় রাখছি না। এই ৬ মসে আমার পুরোপুরি ফোকাস থাকবে টেস্ট ও ওয়ানডের দিকে।’
তরুণদের সুযোগ দেওয়া এবং নিজের প্রস্তুতির ঘাটতির কারণে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেননি তামিম। এবারও তিনি দলে সুযোগ দিতে চান তরুণদের। মনে করছেন, ৬ মাস পর বাংলাদেশ টি-টোয়েন্টিতে এমন অবস্থায় দাঁড়াবে যেখানে তাকে আর প্রয়োজন হবে না।
বাংলাদেশের হয়ে তামিম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে, ২০২০ সালের মার্চে। ৭৮ টি-টোয়েন্টিতে ১১৬.৯৬ স্ট্রাইক রেটে ৭ ফিফটি ও এক সেঞ্চুরিতে ১৭৫৮ রান করেছেন তিনি।
